ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ ২৪ মে বিক্রি করা হচ্ছে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২৪ মে রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available