• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৩৭:০৮ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কোচ বদলেও জাপানের কাছে ৪-০ গোলে হারল তিউনিশিয়া

স্পোর্টস ডেস্ক: কোচ বদলে ভাগ্য ফেরানোর আশা ছিল তিউনিশিয়ার। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে বিশ্বকাপের ইতিহাসের হাজারতম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে জাপান। গ্রুপ ‘এফ’ এর ম্যাচে তিউনিশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর পথে বড় পদক্ষেপ নিয়েছে এশিয়ার শক্তিধর দলটি।২১ জুন রোববার মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচটি বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এক হাজারতম ম্যাচ হিসেবে বিশেষ মর্যাদা পায়। এ উপলক্ষে ফিফাও বিশেষ আয়োজন করে। ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ইস্তভান কোভাচও বিশেষ স্বর্ণখচিত জার্সি পরে মাঠে নামেন।শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় হাজিমে মোরিয়াসুর দল। বাম দিকের দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিউনিশিয়ার রক্ষণ ভেঙে দেন কামাদা।গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জাপানের উচ্চগতির প্রেসিং ও নিখুঁত পাসিংয়ের সামনে অসহায় দেখায় তিউনিশিয়াকে। ৩১তম মিনিটে আয়াসে উয়েদা শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।বিরতির পর নতুন কোচ হার্ভে রেনার্ডের দল কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। তবে জাপানের সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের কোনো সুযোগই তৈরি করতে দেয়নি। ম্যাচের ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে জাপানের জয় প্রায় নিশ্চিত করে দেন। এরপর ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উয়েদা।দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন উয়েদা। পুরো ম্যাচে জাপানের আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে, আর তিউনিশিয়া কার্যত কোনো সময়ই ম্যাচে ফিরতে পারেনি।বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করে তিউনিশিয়া। তার জায়গায় অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পান তিনি।অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র করার পর তিউনিশিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করলো জাপান। হাজারতম বিশ্বকাপ ম্যাচে স্মরণীয় এই জয় সামুরাই ব্লুদের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দিল।