• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:১৭ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বছরের দীর্ঘতম দিন আজ

অনলাইন ডেস্ক: আজ ২১ জুন, বছরের দীর্ঘতম দিন। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে আজ সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে অবস্থান করবে, ফলে দিনের দৈর্ঘ্য হবে বছরের অন্য যেকোনো দিনের তুলনায় বেশি এবং রাত হবে সবচেয়ে ছোট।জ্যোতির্বিজ্ঞানে এ ঘটনাকে গ্রীষ্মকালীন অয়নান্ত (সামার সলস্টিস) বলা হয়। প্রতি বছর ২১ জুন পৃথিবীর অক্ষীয় ঝোঁকের কারণে এ ঘটনা ঘটে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ দিনের আলো প্রায় ১৩ ঘণ্টা স্থায়ী হবে।বিশেষজ্ঞদের মতে, পৃথিবী তার অক্ষের ওপর প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। বছরের এ সময়ে উত্তর মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘ সময় সূর্যালোক পৌঁছে এবং দিন বড় হয়। বিপরীতে দক্ষিণ গোলার্ধে আজ বছরের দীর্ঘতম রাত ও সবচেয়ে ছোট দিন, যা তাদের শীতকালীন অয়নান্তের সূচনা নির্দেশ করে।অন্যদিকে আগামী ডিসেম্বরের শীতকালীন অয়নান্তে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য হবে বছরের সবচেয়ে কম।বিশ্বের বিভিন্ন দেশে গ্রীষ্মকালীন অয়নান্ত উপলক্ষে নানা উৎসব ও আয়োজনেরও প্রচলন রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জে প্রতিবছর হাজারো মানুষ সূর্যোদয় দেখতে সমবেত হন। প্রাচীন প্যাগান ও ড্রুইড সংস্কৃতির অনুসারীদের কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রীষ্মকালীন অয়নান্ত উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুর আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হয়।