হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শেষদিকে তাওহিদ হৃদয়ের লড়াই সত্ত্বেও সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। রোমাঞ্চকর ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হয়নি টাইগারদের।১৭ এপ্রিল শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়।শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তাওহীদ হৃদয়। তবে পরের বলেই হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতেই বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়।টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের হয়ে ৬৮ রান করেন হেনরি নিকোলস এবং ৫৯ রান করেন ডিন ফক্সক্রফট। এছাড়া উইল ইয়াং ৩০ রান করেন।বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তাওহীদ হৃদয়। তার ফিফটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত পেলেও শেষ পর্যন্ত সেটি যথেষ্ট হয়নি।এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।