নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১ এপ্রিল বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি পৌঁছে দেন।

বৈঠকে আন্তরিক পরিবেশে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
তিনি বলেন, বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available