সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় একটি অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৩ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার নুরপুর গ্রামের সুরমা নদীতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও নৌ পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের অনুমতির কাগজ দেখিয়ে দোয়ারাবাজার উপজেলা মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) নির্মাণ প্রকল্পের জন্য ৭ লাখ ৪০ হাজার ৯৩৪ ঘনফুট বালু/বালুমিশ্রিত মাটি উত্তোলনের অনুমতি নেওয়া হয়। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান বিডি পাওয়ার টেকনোট্রেডের পক্ষে ছাদিকুর রহমান মেসার্স সারা অ্যাসোসিয়েটসের মাধ্যমে ওই অনুমতির কাগজ দেখানো হয়।

তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে নুরপুর গ্রামের সুরমা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ড্রেজার মেশিন ও বালু ভর্তি নৌকাসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
উল্লেখ্য, সম্প্রতি নুরপুর, হরিনাটি, সোনাপুরসহ আশপাশের গ্রামগুলোকে নদীভাঙনের কবল থেকে রক্ষায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ করছে। এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একটি সংঘবদ্ধ চক্র ভুয়া বা অপব্যবহৃত কাগজ দেখিয়ে বালু উত্তোলনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
ড্রেজার শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, আমবাড়ী বাজার এলাকার ‘নুর’ নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত।
এ বিষয়ে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা একটি ড্রেজার ও বালু ভর্তি নৌকাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available