স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।
৬ মার্চ শুক্রবার দুপুর প্রায় ৩টার দিকে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক খোদেজা আক্তার জানান, নিহতের দ্বিতীয় স্বামী রতন মিয়া হঠাৎ করে ছুরি নিয়ে এসে শারমিন রুমার সঙ্গে কথাকাটাকাটি শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি পেছন দিক থেকে রুমাকে ছুরিকাঘাত করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আল নাফিস জানান, রুমাকে হাসপাতালে আনার সময় তার বুকের পেছনে গুরুতর জখম দেখা যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শারমিন রুমা নেত্রকোণা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পারটেক্স কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রতন মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available