মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে সরকারি অনুদান ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নবকলস (প্রধানিয়া বাড়ী) এলাকার বাসিন্দা মোসা. শাহিনুর বেগম (৪০) গত ১১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় সরকারি অনুদানের ১০ কেজি চাল সংগ্রহ করতে মতলব দক্ষিণ পৌরসভার মাঠে যান। চাল সংগ্রহ করে বের হওয়ার সময় পৌরসভার স্টোর কিপার মো. কাউছার (৩৫)-এর সঙ্গে তার ধাক্কা লাগে। এ সময় কাউছার ক্ষিপ্ত হয়ে শাহিনুর বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।


শাহিনুর বেগম গালিগালাজের প্রতিবাদ করলে কাউছার উত্তেজিত হয়ে তার হাতে থাকা সরকারি অনুদানের চালের বস্তা ছিনিয়ে নিয়ে ফেলে দেন এবং তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি শাহিনুর বেগমের চুলে ধরে টেনে ফেলে দেন এবং এলোপাতাড়ি লাথি মারতে থাকেন।

এ সময় তার চিৎকার শুনে উপস্থিত লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি মো. কাউছার মতলব পৌরসভার স্টোর কিপার।
স্থানীয়দের সহযোগিতায় শাহিনুর বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, দুইপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available