সাতক্ষীরা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর, তালা ও শ্যামনগর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত হোসেন।


এছাড়া জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও খুলনার পাইকগাছাসহ অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা নামাজে অংশ নেন।

ঈদের নামাজে অংশ নিতে আসা কলারোয়া উপজেলার গোয়ালচত্বর গ্রামের বাসিন্দা আলি হোসেন বলেন, ‘সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করেছি।’
জিএম হাসান মাহবুব বলেন, ‘আমরা আগে থেকেই জানতাম শাওয়াল মাসের চাঁদ উঠেছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করাকে আমরা যুক্তিসংগত মনে করি।’
খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, ‘পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা একদিন আগে থেকেই রোজা শুরু করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল। ভবিষ্যতে যেন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’
জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৫ বছর ধরে এই অঞ্চলের আহলে হাদিস সম্প্রদায়ের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available