গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় দলবল নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
গত কাল ১৯ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


হামলাকারীরা বিদ্যালয়ের মাইকের রিসিভার ভেঙে ফেলে এবং অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়, যার ফলে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে। অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ৭৪ জন শিক্ষার্থীর জন্য ঐদিন সকাল ১০টায় দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত চলাকালীন সানোয়ার হোসেন আওয়াল তার লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। দাওয়াত না দেওয়ার অজুহাতে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং প্রধান শিক্ষকের হাত থেকে মাইকের রিসিভার কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন বলেন, "অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি—এই দাবিতে তিনি আমার গায়ে হাত তোলেন এবং ধাক্কাধাক্কি করেন। বাধা দিতে গেলে অন্য শিক্ষকদেরও গালাগাল করা হয় এবং স্কুলের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করা হয়। যাওয়ার সময় তারা বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে যায়।"
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামসুল হক জানান, রাজনৈতিক নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ার তুচ্ছ কারণে দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগি্বদিক ছোটাছুটি করে স্কুল ত্যাগ করে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, "ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available