নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট ও খামারে দেখা মিলছে বাহারি নামের গরু-মহিষের। তবে সব কৌতূহলকে ছাপিয়ে এবার নারায়ণগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যতিক্রমধর্মী এক মহিষ, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। চেহারা ও স্টাইলের অদ্ভুত মিল থেকেই এমন নামকরণ বলে জানিয়েছেন খামার সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। বিরল এলভিনো জাতের এই মহিষটির গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা। আর মাথার সামনের দিকে থাকা স্টাইলিশ চুলের মতো পশম দেখেই অনেকের মনে পড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইল। সেই মিল থেকেই মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে নামটিই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।


খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, শুরুতে পরিবারের সদস্য ও পরিচিতজনদের মধ্যেই নামটি নিয়ে হাস্যরস ছিল। কিন্তু পরে মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন শুধু এক নজর ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে।

খামারে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের অনেকেই মহিষটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। কেউ কেউ আবার মজা করে বলছেন, “শুধু নাম নয়, চেহারাতেও যেন ট্রাম্পের ছাপ রয়েছে।”
খামার সূত্রে জানা গেছে, মহিষটি কিনতে ইতোমধ্যে বেশ কয়েকজন আগ্রহ দেখিয়েছিলেন। তবে এক ব্যক্তি আগাম বুকিং দিয়ে রাখায় শেষ পর্যন্ত সেটি আর বিক্রির সুযোগ পাচ্ছেন না অন্যরা। এতে হতাশ হয়েছেন অনেক আগ্রহী ক্রেতা।
খামারের কর্মচারীরা জানান, বিশেষ যত্নে লালন-পালন করা এই মহিষটি সাধারণ খাবারই খেতে পছন্দ করে। নিয়মিত ঘাস, ভুট্টা ও ভূসি খাওয়ানো হয় এটিকে। শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীদের কাছেও এটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
ঈদুল আজহা ঘিরে যখন দেশের বিভিন্ন খামারে বড় আকারের পশু নিয়ে চলছে আলোচনা, তখন নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ যেন হয়ে উঠেছে আলাদা এক আকর্ষণের নাম। নামের ভিন্নতা আর চেহারার অদ্ভুত মিলেই এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় এলাকাজুড়ে আলোচনায় এই মহিষটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available