নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রাকিবা আক্তার (১৮) নামে এক গর্ভবতী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ওই গর্ভবতী নারীকে ভর্তি করা হয়। পরে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। তবে অপারেশনের পরপরই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ স্বজনদের।


অভিযোগ রয়েছে, অপারেশন থিয়েটার থেকে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে এনে ওই নারীকে অন্যত্র পাঠানোর চেষ্টা করা হয়। এসময় রোগীর স্বজনদের না জানিয়েই তাকে দ্রুত গাড়িতে তোলা হয়।

রোগীর মা রেহেনা আক্তার জানান, মেয়েকে গাড়িতে তোলার পর তার সন্দেহ হলে তিনি খেয়াল করেন, মেয়ের শ্বাস-প্রশ্বাস চলছিল না। পরে কাছে গিয়ে দেখেন, তার মেয়ে নিথর অবস্থায় পড়ে আছে। তখনই তারা বুঝতে পারেন, অপারেশনের পরই তার মৃত্যু হয়েছে।
স্বজনদের অভিযোগ, রোগীকে গাড়িতে তুলে দেওয়ার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত সেখান থেকে সরে যান।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তখনও হাসপাতালের কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে দাবি স্বজনদের।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে ৫ এপ্রিল রোববার সকালে পুলিশ পরিদর্শক নবীনগর থানা রাজীব কান্তি নাথ এশিয়ান টিভির অনলাইন পোর্টালকে জানিয়েছেন, আমরা মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। পরে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available