নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

২২ ফেব্রুয়ারি রোববার তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।


উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।
তিনি আরও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সরকার ও অংশীজনেরা যদি মনে করেন ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় প্রয়োজন, সে ক্ষেত্রে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, রাজনৈতিক সরকার যাতে নিজেদের মতো করে প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি প্রয়োজনে সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দেন তিনি। দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতিও সরকারের কাছে প্রার্থনা করেন ড. নিয়াজ আহমদ খান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available