স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: গুরুতর অনিয়ম, অভিযুক্তদের রক্ষার অভিযোগ এবং প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।
৮ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. নান্নুর রহমানকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে বলেও প্রশাসন জানিয়েছে।


ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি প্রক্টরকে ঘিরে একাধিক অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রক্টর পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছেন। বিশেষ করে সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়া অভিযুক্তদের বিদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে, যার সঙ্গে পদত্যাগী প্রক্টরের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। এসব ঘটনায় ক্ষোভ বাড়তে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, একাধিকবার লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করেও তারা প্রশাসনের প্রত্যাশিত সহযোগিতা পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রক্টরের অপসারণ ও সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে আল্টিমেটাম ঘোষণা করেন।
দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং চলমান সংকট নিরসনে চাপের মুখে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন পদত্যাগ করেন।
তবে প্রক্টরের বিরুদ্ধে ব্যক্তিগত আচরণসংক্রান্ত যেসব অভিযোগ উঠেছে—যেমন সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা দায়িত্ব পালনে অপ্রতুলতা—সেগুলো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available