বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭ম গ্রেডভুক্ত কর্মকর্তারা দ্রুত পদোন্নতি ও আর্থিক সুবিধাসহ ৫ম গ্রেডে উন্নীত করার দাবিতে আবেদন করেছেন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বরাবর এ আবেদন জমা দেন।


আবেদনে কর্মকর্তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে দায়িত্ব পালন করে আসছেন। পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত নীতিমালা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে তাদের অভিযোগ।

তারা জানান, ২০২৫ সালের ১৯ জানুয়ারি পদোন্নতির জন্য বাছাই বোর্ডের সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও তখন কাউকেই সুপারিশ করা হয়নি। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনায় জানানো হয়, সহকারী রেজিস্ট্রার বা সমপদে কর্মরতদের বর্তমান পদে কমপক্ষে চার বছর চাকরি সম্পন্ন করতে হবে, তবে সার্ভিস লেনথ গণনায় কিছু অনিশ্চয়তা রয়েছে, যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলে দাবি করেন তারা।
চার বছর পূর্ণ হওয়ার পর ২০২৫ সালের আগস্টে পুনরায় আবেদন করা হলেও পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর এবং ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নির্ধারিত বাছাই বোর্ডের সাক্ষাৎকার স্থগিত করা হয়।
এ অবস্থায় কর্মকর্তারা দাবি জানিয়েছেন, পূর্বঘোষিত অন্যান্য বোর্ড স্থগিত রেখে তাদের পদোন্নতির বোর্ড দ্রুত আয়োজন করতে হবে এবং প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আগামী রোববার বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। তিনি আরও জানান, আগের বোর্ডে বিশেষজ্ঞরা উপস্থিত থাকতে পারেননি, তবে এবার তারা উপস্থিত থাকবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available