• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১০:৪১ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

কাটা পথে যাত্রীচাপ, তবুও ভোগান্তিহীন পারাপার পাটুরিয়া ঘাটে

১৭ মার্চ ২০২৬ দুপুর ০১:০৩:২৭

কাটা পথে যাত্রীচাপ, তবুও ভোগান্তিহীন পারাপার পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রাকে কেন্দ্র করে কাটা পথ ব্যবহারকারীদের চাপ বাড়লেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া ফেরিঘাটে এবার নেই আগের মতো ভোগান্তি। নির্বিঘ্নেই পারাপার করছেন যাত্রী ও যানবাহন।

১৭ মার্চ মঙ্গলবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও বেলা ১২টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে যানজট ছাড়াই গাড়ি আসা মাত্রই ফেরিতে উঠানো হচ্ছে।

Ad
Ad

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, এবারের ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। জরুরি, শিশুখাদ্য ও পচনশীল পণ্য ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, ফলে ঘাট এলাকায় কোনো ধরনের যানজট তৈরি হয়নি।

Ad

প্রয়োজনে অতিরিক্ত চাপ সামাল দিতে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। যদিও পদ্মা সেতু চালুর পর বেশিরভাগ যানবাহন সেতু পথ ব্যবহার করছে, তবুও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের অনেক পরিবহন এখনো এই নৌপথে চলাচল করছে।

ঘাট ব্যবহারকারী ও চালকরাও সন্তোষ প্রকাশ করেছেন। গোল্ডেন পরিবহনের চালক জাহাঙ্গীর মিয়া বলেন, পদ্মা সেতু চালুর পর যানবাহন কমে যাওয়ায় এখন সহজেই ঘাটে আসা যায়। আগে ঈদের সময় দীর্ঘ যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।

যশোরগামী যাত্রী শাহীনুর আলম জানান, আগে ঈদে বাড়ি যেতে হলে সড়কের যানজট ও ঘাটে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন অনেক সহজে যাতায়াত করা যাচ্ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাটের ডিজিএম মো. সালাম হোসেন বলেন, প্রতিবারের মতো এবারও বাস ও প্রাইভেটকারের জন্য পৃথক লেন রাখা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে দায়িত্ব পালন করছে। সকাল থেকে কিছুটা চাপ থাকলেও বিকেলের দিকে তা বাড়তে পারে। তবে অতিরিক্ত চাপ হলেও দ্রুত পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে।

সার্বিকভাবে এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া ঘাটে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:০৬








Follow Us