কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনের নিচে শুয়ে বুক দিয়ে আগলে দুই বছরের শিশুসন্তানকে বাঁচিয়েছেন এক বাবা। রোমহর্ষক এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বাবা-ছেলে দুজনই। ঘটনাটি স্টেশনে উপস্থিত শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক ও বিস্ময় ছড়িয়ে দেয়।
২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের ওরিয়াদর বাজার এলাকায় বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি স্টেশনে থামার পর ওই দম্পতি শিশুসন্তানসহ ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় হঠাৎ মা ও শিশু প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। নারীটি উঠে আসতে পারলেও শিশুটি হাত ফসকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যায়।

এর মধ্যেই ট্রেন ছাড়ার সংকেত বাজে। পরিস্থিতি বুঝে শিশুটির বাবা দ্রুত নিচে নেমে সন্তানকে জড়িয়ে ধরে রেললাইনের পাশে শুয়ে পড়েন। এরপর ট্রেন চলতে শুরু করে এবং একে একে আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে যায়। শ্বাসরুদ্ধকর মুহূর্ত শেষে ট্রেন চলে গেলে দেখা যায়, বাবা ও সন্তান দুজনই অক্ষত আছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাবা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে স্থির হয়ে শুয়ে আছেন, আর আশপাশের লোকজন আতঙ্কে দোয়া পড়ছেন। ট্রেন চলে যাওয়ার পর তিনি সন্তানকে কোলে নিয়ে উঠে দাঁড়ান। পরে মা এসে শিশুটিকে কোলে তুলে নেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ভেবেছিলাম বাবা-ছেলে আর বাঁচেননি। কিন্তু ট্রেন চলে যাওয়ার পর তাদের নড়াচড়া করতে দেখে বিস্মিত হয়েছি। এটা অলৌকিক ছাড়া কিছু নয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাবা ও শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসচেতনতা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। নিরাপদ ভ্রমণের স্বার্থে যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেললাইন পারাপারে ওভারব্রিজ ব্যবহারের পরামর্শও দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available