নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার হোসেনী দালান এলাকায় একটি ভাড়া বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স নাহিদা আক্তার ববি (২৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ বাসায় ঢুকে নাহিদার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।


পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের সময় নাহিদা ও তার স্বামী ইলিয়াস হোসেনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান এবং রাতে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।

মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুটে লিখে গেছেন, ‘স্বামী ইলিয়াস এবং তার শ্বশুরবাড়ির লোকদের বিচার করা হোক।’
নাহিদার মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, নাহিদার সঙ্গে স্বামীর দাম্পত্য কলহ চলছিল। স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত বছরের জানুয়ারিতে নাহিদা তার বিরুদ্ধে মামলা করেছিলেন, যার কারণে ইলিয়াস কারাগারে গিয়েছিলেন। মুক্তির পর আপস-মীমাংসা হলেও ঘটনার রাতে তাদের মধ্যে আবার ঝগড়া হয়েছে। তিনি দাবি করেন, ‘এই মৃত্যুর জন্য স্বামী ও তার পরিবারের লোকজন দায়ী। আমরা ন্যায্য বিচার চাই।’
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কাউছার বলেন, রাত ১১টার দিকে ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ নাহিদার বাসায় পৌঁছায়। বাসার ছয়তলায় থাকা শোবার ঘরের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাহিদার নিথর দেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় এবং এ ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available