আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক সপ্তাহের উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
২৮ ফেব্রুয়ারি শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, ‘অল্প কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।’


তিনি দাবি করেন, মার্কিন জনগণকে রক্ষা করা এবং ইরানি শাসনের আসন্ন হুমকি মোকাবিলাই এ অভিযানের লক্ষ্য। ট্রাম্পের ভাষায়, ইরানের কর্মকাণ্ড সরাসরি যুক্তরাষ্ট্র, বিদেশে অবস্থানরত মার্কিন সেনা, সামরিক ঘাঁটি ও মিত্রদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগে রাজি হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, ইসরাইলের নিরাপত্তা হুমকি নিরসনে এটি একটি আগাম পদক্ষেপ। তিনি বলেন, এর জেরে অদূর ভবিষ্যতে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে ইসরাইলজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে সতর্ক করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। যাত্রীবাহী সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে ইরানের সরকারি গণমাধ্যম রাজধানী তেহরান-এর বিভিন্ন অংশে রকেট হামলার খবর দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সমাবেশ ও চলমান কূটনৈতিক টানাপোড়েনের জেরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যে জল্পনা চলছিল, এই হামলা তারই বাস্তব রূপ। পরিস্থিতি ঘিরে গোটা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available