আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য যেকোনো শান্তি বা সমন্বিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না। ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। খবর আল জাজিরার।
তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ দাবি জানান।


গালিবাফ বলেন, ‘লেবানন একটি সমন্বিত যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চুক্তিতে সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যস্থতাকারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ইরান শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা না করে আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইরান সীমান্তে অস্থিতিশীলতা ঠেকাতে পাকিস্তান সতর্ক অবস্থানে রয়েছে। লেবাননে যুদ্ধবিরতির গুরুত্বও তারা গভীরভাবে বিবেচনা করছে।
তিনি আরও জানান, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে, এই বৈঠক অঞ্চলটির ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available