• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৯:৪৬ (04-May-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন নাকি দখল নেবেন শুভেন্দু, জানা যাবে আজ

৪ মে ২০২৬ সকাল ০৮:০৮:০৩

পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন নাকি দখল নেবেন শুভেন্দু, জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল না বিজেপি, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকছেন নাকি ভোটে জিতে মসনদ দখল নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তা জানা যাবে আজ। কঠোর নিরাপত্তায় ভোট গণনা শুরু হবে বাংলাদেশ সময় ৪ মে সোমবার সকাল সাড়ে ৮টায়।

দুপুর ১টার মধ্যেই সম্ভাব্য বিজয়ীর নাম জানা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অতীত রেকর্ড বলছে, কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও হয়ে যেতে পারে।

Ad
Ad

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট পড়ে ৯২ শতাংশের বেশি। এর মধ্যে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় ফলতা আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তাই, ফল প্রকাশ হবে ২৯৩টির।

Ad

ফল ঘোষণা উপলক্ষে কলকাতাসহ ২৩ জেলায় ৭৭টি কেন্দ্র খোলা হয়েছে। শুরুতে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা হবে।

গণনার সময় বেশ কিছু জায়গায় উত্তেজনার শঙ্কা রয়েছে। তাই, প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো যানবাহন ঢুকতে পারবে না। কক্ষের ভেতরে নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভিতেও নজরদারি চলছে।

বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের কারণে এবার ফল নির্ধারণে বড় ভূমিকা থাকবে মুসলিম নাগরিকদের। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারী ভোটাররাও।

তবে সবার নজর ভবানীপুর আসনে। যেখানে মূল প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা এবার একটি আসনে লড়লেও, শুভেন্দু লড়ছেন নন্দীগ্রামেও। ২০২১ সালে নন্দীগ্রামেই মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু।

এদিকে, ভোট গণনার আগেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তার অভিযোগ, তৃণমূল কর্মীরা হামলা করেছে। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

হামলার জন্য তৃণমূল নেতা ও জগদ্দল বিধানসভার তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামকে দায়ী করেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে সোমনাথের দাবি, গুলির ভিডিও পুরনো কিনা তা খতিয়ে দেখা উচিত।

একাধিক বেসরকারি সংস্থার বুথফেরত জরিপে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত মিলেছে। শেষ পর্যন্ত তৃণমূল ক্ষমতা ধরে রাখবে, নাকি অঘটন ঘটাবে বিজেপি, তা জানা যাবে আজ সন্ধ্যা নাগাদ। 

সূত্র: আনন্দবাজার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us