আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘদিনের দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম-এর দ্বিমুখী আধিপত্য ভেঙে বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দলটিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল বলেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকেকে সরকার গঠনে সমর্থনের অনুমোদন দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, এ সিদ্ধান্ত যেন কেন্দ্রীয় নেতৃত্ব নয়, তামিলনাড়ু কংগ্রেস কমিটি (টিএনসিসি) নেয়। পরে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির ভার্চুয়াল বৈঠকে টিএনসিসিকে সমর্থনের অনুমতি দেওয়া হয়।
সূত্রগুলো জানিয়েছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পেতে পারে। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে সমর্থনের পাশাপাশি একটি শর্তও দিয়েছে কংগ্রেস। দলটি চায়, টিভিকে যেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা তাদের কোনো শরিক দলের সঙ্গে—বিশেষ করে এআইএডিএমকের সঙ্গে—জোট না করে।
এদিকে সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।
নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়ায় বিজয় বলেন, টিভিকের বর্তমান অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। তিনি উল্লেখ করেন, নানা সমালোচনা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে দলটি মানুষের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং গণতন্ত্রের জয়। তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সমর্থক, সংগঠক ও কর্মীদের ধন্যবাদ জানান।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available