• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৮:৫২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

২৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:০৭

যুক্তরাজ্যের শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২৯ লাখ পাউন্ডের বেশি আয়কর পরিশোধ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এই পরিমাণ কর পরিশোধের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের শীর্ষ ১০০ করদাতার তালিকায় স্থান করে নিয়েছেন।

২৬ জুন শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে রাজপরিবারের বার্ষিক আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ইতিহাসে রাজা তৃতীয় চার্লসই প্রথম সম্রাট, যিনি স্বেচ্ছায় নিজের কর পরিশোধের তথ্য প্রকাশ করেছেন।

একই সময়ে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড আয়কর ও মূলধনী মুনাফা কর পরিশোধ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিনের সংস্কারকাজ শেষ হলেও রাজা চার্লস ও রানি ক্যামিলা বাকিংহাম প্যালেসে বসবাস শুরু করবেন না। তারা আগের মতোই ক্লারেন্স হাউসে অবস্থান করবেন।

এদিকে, সরকারি অর্থায়নে পরিচালিত রাজপরিবারের প্রধান তহবিল ‘সোভরেন গ্রান্ট’ ২০২৭-২৮ অর্থবছরে প্রায় ১০ কোটি পাউন্ডে উন্নীত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড এবং প্রিন্স উইলিয়াম ৮৩ লাখ ৪০ হাজার পাউন্ড কর পরিশোধ করেছিলেন। ২০২২ সালে সিংহাসনে আরোহণের পর থেকে এ পর্যন্ত রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম মিলিয়ে যুক্তরাজ্যের রাজস্ব বিভাগে ৫ কোটি পাউন্ডের বেশি কর জমা দিয়েছেন।

রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামের কার্যালয়ের ভাষ্য, করসংক্রান্ত তথ্য প্রকাশ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদিকে, বাকিংহাম প্যালেস বলেছে, এই উদ্যোগের মাধ্যমে রাজপরিবারের আর্থিক বিষয়গুলোতে জনগণের কাছে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

তবে কর বিশেষজ্ঞদের একটি অংশ প্রকাশিত তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্যাক্স পলিসি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ড্যান নেডল বলেন, প্রকাশিত তথ্য যথেষ্ট স্পষ্ট নয়। এতে কতটা আয়কর, কতটা মূলধনী মুনাফা কর পরিশোধ করা হয়েছে কিংবা কর নির্ধারণের আগে কোন ব্যয়গুলো বাদ দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে উল্লেখ নেই।

উল্লেখ্য, রাজা চার্লস প্রতি বছর ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট থেকে ব্যক্তিগত আয় পান, যা তার সরকারি ও ব্যক্তিগত ব্যয় নির্বাহে ব্যবহৃত হয়।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us