নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ছাত্র–জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যার পর লাশ ভ্যানে করে নিয়ে পুড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
১৫ মার্চ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ স্বাক্ষরের পর ৫৯১ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে অপরাধের ভয়াবহতা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস এবং ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এছাড়া আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দীন ও কামরুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, সাবেক এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে। তিনি মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি অংশগ্রহণের পর্যাপ্ত সাক্ষ্য–প্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। যদিও অভিযোগগুলো গুরুতর, তবে সেগুলোর মাত্রা যথাযথভাবে প্রমাণ না হওয়ায় অনেকের সাজা কম হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয় এবং তাদের লাশ ভ্যানে করে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেনসহ কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় থাকলেও তাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ থেকে এটি প্রথম রায়। এর আগে একই ধরনের দুটি মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available