নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
৬ মার্চ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন।


রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি করা। দেশজুড়ে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির জন্য সরকার কাজ করছে।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে। এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি সহজে ঋণ গ্রহণ করতে পারবেন।
রাষ্ট্রপতি পাটচাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চ ফলনশীল পাট চাষ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটপণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সৃজনশীল তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে তুলে ধরার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, সোনালি আঁশ পাট একাধারে কৃষিজাত ও গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে পাটের বহুমুখী ডিজাইন ও পণ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালন করা হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। দিবসটি উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available