নিজস্ব প্রতিবেদক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।


সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত আয়োজন করা হবে। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে।
এছাড়া আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট তিনজন আলেমের নাম প্রস্তাব করবে। একইভাবে কুরআন তেলাওয়াতের জন্য তিনজন ক্বারী এবং জামাত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে।
মূলত রাজধানীতে ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available