নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন বেসরকারি সিডিএম হাসপাতালে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ৪ এপ্রিল শনিবার দুপুর ১২টা থেকে ৫ এপ্রিল রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ছয় ও সাত মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।


তিনি আরও জানান, একই সময়ে নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া চিকিৎসা শেষে ৩৬ জন বাড়ি ফিরেছে। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪০।

অন্যদিকে, রাজশাহীর সিডিএম হাসপাতালে শনিবার রাতে দুইজন এবং রোববার সকালে একজন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, মৃত তিন শিশুর মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ এবং একজন নাটোরের বাসিন্দা।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available