নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে জাতীয় চা দিবস পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।


পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।
তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে।
এছাড়া ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।
তাই আন্তর্জাতিক এই তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available