• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৪:৪৬ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে: প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৪:২৪

ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে: প্রধানমন্ত্রী
“ছবি: সংগৃহীত”

নিজস্ব প্রতিবেদক: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের সুরক্ষা নিশ্চিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা তারেক রহমান।

আজ ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Ad
Ad

তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের সমঅংশীদার হবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Ad

তিনি উল্লেখ করেন, ভলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি), মা ও শিশু সহায়তা কর্মসূচি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং নারী উদ্যোক্তা সহায়তার জন্য জয়িতা ফাউন্ডেশনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ফরেনসিক ডিএনএ ল্যাবসহ বিভিন্ন সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ও আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকাদান এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নারীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ, নগদ সহায়তার পাশাপাশি জীবিকা সহায়তা যুক্ত করে শহর ও গ্রামের জন্য পৃথক উন্নয়ন মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে নারী উদ্যোক্তা বৃদ্ধি এবং বিপণন নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগও চলছে।

শিশু কল্যাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, পথশিশু পুনর্বাসন কর্মসূচির আওতায় ২টি আবাসিক কেন্দ্রে ১৫১ জন শিশুকে আবাসন, শিক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ৯টি আউটরিচ স্কুল এবং ৬৪টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

উপকূলীয় এলাকার নারীদের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ‘জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট অ্যাডাপটেশন’ প্রকল্পের আওতায় ৪৩ হাজার নারীকে জীবিকা সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার উপকূলীয় এলাকায় পানি সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং এবং টেকসই জীবিকা উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

সংসদ নেতা আরও জানান, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি সংস্কার কাজও হাতে নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৮:১০








ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে
২৯ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৪৯


Follow Us