নিজস্ব প্রতিবেদক: নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাস করা ব্যক্তিদের জন্য এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।
২৯ এপ্রিল বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ইসির এনআইডি শাখা। আবেদনকারীর তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সংশোধন সংক্রান্ত জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ভোটার নিবন্ধনের সময় নিবন্ধন ফরম, জন্মসনদ ও প্রুফ কপির পাশাপাশি এসএসসি সনদ গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে।

ইসি জানিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদনকারী মাধ্যমিক পাস হলেও সংশ্লিষ্ট অফিসগুলো সেই সনদ ডাটাবেজে যুক্ত করে না। ফলে পরবর্তীতে এনআইডি সংশোধনের সময় জন্মতারিখ যাচাই করা কঠিন হয়ে পড়ে এবং নানা জটিলতার সৃষ্টি হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেউ উচ্চ মাধ্যমিক বা তার বেশি শিক্ষিত হলে এসএসসি সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও জমা দিতে হবে। এসব নথির মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন ও নিবন্ধিত ব্যক্তিদের নথি যাচাই করবেন।
ইসির কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের ফলে এনআইডি তথ্যের নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতি প্রতিরোধ করা সম্ভব হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available