• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫৪:২৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

আজ মহান মে দিবস

১ মে ২০২৬ সকাল ০৮:২৮:২৯

আজ মহান মে দিবস

ডেস্ক রিপোর্ট: শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে আজ ১ মে শুক্রবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। বাংলাদেশেও রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। সভায় সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Ad
Ad

এদিকে, মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Ad

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ জাতীয় ও শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে লক্ষাধিক শ্রমজীবী মানুষের উপস্থিতি আশা করছে দলটি।

মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টির বেশি দেশে ১ মে সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য, মহান মে দিবসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লবের পর শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে মার্কেটে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হন। পরবর্তীতে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পায়।

পরবর্তীতে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us