ডেস্ক রিপোর্ট: পৃথিবীর সবচেয়ে আপন শব্দ ‘মা’। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও এটি। আজ বিশ্ব মা দিবস। সন্তানের জন্ম, লালন-পালন ও জীবনের প্রতিটি মুহূর্তে নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের প্রতীক মাকে সম্মান জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় এ দিবস।
ইতিহাস থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অ্যান জারভিস নামে এক শান্তিবাদী সমাজকর্মী নারী অধিকার নিয়ে কাজ করতেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তার মেয়ে ছিলেন আনা মারিয়া রিভস জারভিস।


একদিন ছোট্ট মেয়ের সামনেই অ্যান জারভিস বলেছিলেন, ‘আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ মায়েদের জন্য একটি দিন উৎসর্গ করবে। কারণ, তারা প্রতিনিয়ত মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটি তাদের প্রাপ্য।’

১৯০৫ সালে অ্যান জারভিস মারা গেলে, তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে উদ্যোগ নেন। একই বছর তিনি নিজের সানডে স্কুলে প্রথমবারের মতো মাতৃ দিবস পালন করেন।
পরবর্তীতে, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মাদার্স ডে’ হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে বিশ্বের অধিকাংশ দেশ প্রতি বছর এ দিনটি মা দিবস হিসেবে উদযাপন করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available