নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত, ভোট পুনর্গণনাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।


এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছিল। কিন্তু নির্বাচনের বিভিন্ন স্থানে কারচুপি, জালিয়াতি এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং ফলাফলের কাগজে ওভাররাইটিং ও কাটাকাটির প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, নির্বাচনের দিনই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়গুলো অবহিত করা হয়েছে। কিছু আসনে দ্রুত ফলাফল ঘোষণা করা হলেও ইচ্ছাকৃতভাবে কয়েকটি আসনের ফলাফল বিলম্বিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উদাহরণ হিসেবে ঢাকার কয়েকটি আসনের ফল ভোরে সরবরাহের কথা উল্লেখ করেন।
জামায়াতের এ নেতা বলেন, যেসব আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব বিষয়ে স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ভোট পুনর্গণনার আহ্বান জানানো হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে। তিনি বলেন, ‘সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা সে অনুযায়ী এগোব।’
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী, সমর্থক ও এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। ইতোমধ্যে শতাধিক সহিংসতার তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেন তিনি। কিছু ঘটনায় আহতদের মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available