নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বিরোধী দলকে মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
২৪ এপ্রিল শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মাহদী আমিন।


ফেসবুক পোস্টে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মাহদী আমিন।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা।
বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available