ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি।
৪ মে সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে ২ মে জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।


এরপর জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সদস্যের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নুসরাত তাবাসসুম জ্যোতির নির্বাচনের মধ্য দিয়ে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের জন্য গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available