অনলাইন ডেস্ক : রাজনীতির মাঠে ধর্মের ব্যবহার এবং জুলাই বিপ্লবের বীরদের ‘রাজনৈতিক ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, ‘রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না।’
৯ মে শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি এনসিপির কর্মকাণ্ড এবং শহীদ ওসমান হাদিকে ঘিরে দলটির অবস্থানের কড়া সমালোচনা করেন।


রাশেদ খান দাবি করেন, জীবিত অবস্থায় ওসমান হাদি এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি এনসিপির তিনটি অপরাধ চিহ্নিত করেছিলেন।

তিনি লেখেন, ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে, একাত্তরের মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, এনসিপিও একইভাবে জুলাই বিপ্লবকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া দলের অনেক নেতাকর্মী দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং মাত্র কয়েক মাসের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও প্রশ্ন তুলেছিলেন তিনি। একই সঙ্গে জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করার অভিযোগও এনেছিলেন ওসমান হাদি।
রাশেদ খান আরও অভিযোগ করেন, এসব সমালোচনার কারণে জীবিত অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা ওসমান হাদিকে এড়িয়ে চলতেন। অথচ শহীদ হওয়ার পর তাকে আইডল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি সত্যিই হাদিকে ধারণ করেন, নাকি তাকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন?’
মসজিদে গিয়ে গণসংযোগ করার বিষয়েও এনসিপি নেতার সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, মসজিদ একটি পবিত্র স্থান এবং সেখানে রাজনৈতিক প্রচারণার পরিবেশ তৈরি করা অনুচিত। তার অভিযোগ, মসজিদে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে পোস্ট ও লোকসমাগমের আয়োজন করে বিষয়টিকে রাজনৈতিক প্রচারণায় রূপ দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মসজিদ থেকে বের হওয়ার সময় এমন হট্টগোল হয়েছে যে মনে হয়েছে তিনি সিনেমা হল থেকে বের হচ্ছেন।’
পোস্টের শেষ দিকে রাশেদ খান বলেন, সবাই ওসমান হাদি হত্যার বিচার চান। তবে কোনো শহীদকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হলে ধীরে ধীরে তার সর্বজনীনতা নষ্ট হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available