অনলাইন ডেস্ক: বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকলে প্রতিবেশী দেশের সঙ্গে কখনোই সুসম্পর্ক গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইলে সহিংসতার মনোভাব পরিহার করতে হবে ভারতের।
১০ মে রোববার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্কের কথা বলা হয়। কিন্তু এরপরও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গতকাল দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো কিসের আলামত?’

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং দেশের জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। একইভাবে ভারতও তাদের নিজস্ব সিদ্ধান্তে চলবে। উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারকে জনগণের ভোটে নির্বাচিত সরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনসমাজের বিভিন্ন পেশাজীবী ও উৎপাদনমুখী মানুষের স্বার্থ রক্ষা করেই সরকার পরিচালিত হবে। তিনি দাবি করেন, সরকার যদি স্বৈরাচারী বা অগণতান্ত্রিক হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
রিজভী আরও বলেন, প্রায় ১৬ থেকে ১৭ বছর পর দেশে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর পেছনে দীর্ঘ আন্দোলন, নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়নের ইতিহাস রয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই সংগ্রাম চূড়ান্ত রূপ লাভ করেছে। তাই বর্তমান সরকার সবক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available