স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল শনিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। আহমেদাবাদের এই স্টেডিয়ামকে ভারতের জন্য একপ্রকার ‘অপয়া’ বলাই চলে। কেননা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। এবার বিশ্বকাপেও একটি ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে এই মাঠে।
তবে সবকিছু ছাপিয়ে এবার কার হাতে উঠবে শিরোপা, এটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংক্ষিপ্ত এই সংস্করণে এখন পর্যন্ত ভারত দুইবার শিরোপা জিতেছে। ২০০৭ সালে প্রথম টোয়েন্টি বিশ্বকাপে ধোনীর নেতৃত্বে শিরোপা জেতে ভারত। এরপর ২০২৪ সালে রোহিত শর্মার হাত ধরে আসে দ্বিতীয় শিরোপা। এবার সামনে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের হাতছানি।


অন্যদিকে, কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতেনি নিউজিল্যান্ড। ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়। ফাইনালে আহমেদাবাদের গ্যালারিতে থাকবে এক লাখের বেশি দর্শক। টুর্নামেন্টের বড় ম্যাচে ভারতের আগের ওয়ানডে বিশ্বকাপের হারের ভীতি কি কাজে লাগাতে পারবে তারা? যদিও প্রতিপক্ষের মাঠে স্নায়ু ধরে রাখতে পারবে কি না, এটাই তাদের চ্যালেঞ্জ। তবে প্রথমবারের মতো শিরোপা খরা কাটাতে খেলতে হবে ভয়ডরহীনভাবে।

একটু পেছনে ফিরে দেখা যায়, নিউজিল্যান্ড ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে, তবে শিরোপা জিততে পারেনি। পাশাপাশি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আট আসরে তারা চারবার সেমিফাইনাল এবং একবার ফাইনালে উঠেছে।
প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ৪৯৯ রান ও ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।
সেজন্য ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাড়তে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন, যাসপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দলই ফাইনাল খেলেছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available