স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘গোলস’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা।
২১ মে বৃহস্পতিবার গানটি মুক্তির পর ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ এর লিরিক, উপস্থাপনা ও আবেগের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা লিসা, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা এবং নাইজেরিয়ান শিল্পী রেমা। ‘ট্রপকিল্যাজ’ এর প্রযোজনায় নির্মিত গানটিতে কে-পপ, ল্যাটিন পপ ও আফ্রোবিটসের সংমিশ্রণ রাখা হয়েছে। তবে চমকপ্রদ ভিডিও ও শিল্পীদের পরিবেশনা থাকলেও এটি ফুটবলভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
সমালোচকদের দাবি, বিশ্বকাপের গান মানেই ফুটবলের আবেগ, ঐক্য, দেশপ্রেম ও স্টেডিয়াম মাতানো উন্মাদনার প্রতিফলন। কিন্তু ‘গোলস’ গানে সেই আবহের পরিবর্তে ব্যক্তিগত গ্ল্যামার, অর্থবিত্ত ও জীবনধারার প্রদর্শনই বেশি প্রাধান্য পেয়েছে। গানের কিছু লাইন- ‘আমার শরীর, আমার ফিট, আমার বন্ধুরা’, ‘আমার গাড়ি’ কিংবা ‘ক্লাবটা কিনে নাও, আমি এটা করি গল্পের খাতিরে’ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ক্ষুব্ধ ফুটবলপ্রেমী লিখেছেন, ‘বিশ্বকাপ এমন একটি আয়োজন যেখানে পুরো বিশ্ব একসঙ্গে আনন্দে মেতে ওঠে। অথচ তারা এখানে রোগা হওয়া, সুন্দরী হওয়া আর ধনী হওয়ার গল্প বলছে।’
অনেকে আবার নতুন গানটির সঙ্গে আগের বিশ্বকাপের জনপ্রিয় সংগীতগুলোর তুলনা করছেন। বিশেষ করে শাকিরার ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ এবং জাংকুকের গাওয়া ২০২২ সালের ‘ড্রিমার্স’ এর উদাহরণ টেনে ভক্তরা বলছেন, সেই গানগুলোর আবেগ ও শক্তির ধারেকাছেও নেই ‘গোলস’। কেউ কেউ এটিকে ২০২২ সালের বিতর্কিত গান ‘টুকোহ টাকা’র চেয়েও দুর্বল বলেও মন্তব্য করেছেন।
তবে সমালোচনার মধ্যেও গানটির জনপ্রিয়তা কম নয়। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশের পর ইতোমধ্যেই গানটির ভিউ ২৫ লাখ ছাড়িয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available