অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নগরীর জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালা-খালে বর্জ্য নিক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিক কঠোর ব্যবস্থা নেবে।
১০ মে রোববার নগরীর দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে পরিচালিত মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।


মেয়র বলেন, নালা ও খালে ময়লা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলজট ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা নালা-খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, চসিকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত মাটি অপসারণ ও পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন করা হলেও ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ শেষ করতে হবে। এ সময় তিনি ৩৪ ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং টিমকে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
তথ্যসূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available