নারায়ণগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে টয়লেটের পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল সেমাই। নিয়মবহির্ভূতভাবে এভাবে সেমাই উৎপাদনের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার দুটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ নগর এলাকায় র্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে সদর উপজেলার শহীদনগরে অবস্থিত 'গ্রামীণ' ও 'আনন্দ' সেমাই নামে ওই দুটি কারখানায় এই অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।


অভিযানে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপিআল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, 'গ্রামীণ সেমাই' কারখানায় খোলা টয়লেটের পাশে সেমাই উৎপাদন এবং বৈধ অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের সিল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়। পাশাপাশি, 'আনন্দ সেমাই' কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়মবহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম এখানে অস্বাস্থ্যকর ভাবে সেমাই উৎপাদন করা হয়, তাই আমরা এই অভিযান চালিয়েছি। এখানে দুইটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদনের দায়ে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
র্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপিআল মাসুদ খান বলেন, "ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ প্রস্তুত করে থাকে, তাই আমরা এই অভিযানগুলো পরিচালনা করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছি। ঈদ পর্যন্ত এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available