সিলেট প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে সিলেট নগরীতেও। জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন গাড়িচালকরা।
৫ মার্চ বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। ৬ মার্চ শুক্রবারও একই চিত্র দেখা গেছে। অনেক চালক জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বিশ্ববাজারে তেলের দামের সম্ভাব্য ওঠানামার কারণে দেশে জ্বালানির দাম বাড়তে পারে—এমন আশঙ্কা থেকেই আগেভাগে তেল সংগ্রহ করছেন তারা।


তবে নগরীর কয়েকটি পেট্রোল পাম্পে ২০০ টাকার বেশি তেল বিক্রি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দূরপাল্লার যাত্রী ও চালক। আবার কেউ কেউ বলছেন, অল্প তেল হলেও অন্তত দু-তিন দিন গাড়ি চালানো সম্ভব হবে।

এদিকে পাম্প মালিকরা জানিয়েছেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। আতঙ্কের কারণেই মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন।
পাম্প মালিকরা আরও জানান, আগামীকাল রোববার নতুন করে তেল সরবরাহ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান বলেন, ‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available