• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৩:২৭ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

গজারিয়ায় সরকারি দপ্তরে নির্দেশিত সময়ে খুলছে না তালা, জনসেবায় ভোগান্তি

৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২৮

গজারিয়ায় সরকারি দপ্তরে নির্দেশিত সময়ে খুলছে না তালা, জনসেবায় ভোগান্তি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি দপ্তরের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেই নির্দেশনা কতটা মানা হচ্ছে-তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত অফিস সময় মানছেন না। কেউ দেরিতে অফিসে আসছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দপ্তর ত্যাগ করছেন। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

Ad
Ad

৯ মার্চ সোমবার সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তর ঘুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দেখেন, নির্ধারিত সময় পার হয়ে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা যুব উন্নয়ন অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল না ছিল তালাবদ্ধ।

Ad

এ বিষয়ে জানতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানকে একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কল করে জানান, তিনি মুন্সীগঞ্জে জেলা মাসিক সমন্বয় সভায় অংশ নিতে গেছেন। তবে তিনি বলেন, “আমার অনুপস্থিতিতে দপ্তরের অন্য কর্মকর্তারা কেন নির্ধারিত সময়ে অফিসে থাকবেন না-বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের শোকজ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী সময়মতো অফিসে আসেন না। কেউ কেউ সকাল ১০টা বা তারও পরে অফিসে উপস্থিত হন। আবার বিকেল ৩টা পর্যন্ত অফিস চালু থাকার কথা থাকলেও অনেক দপ্তরে দুপুর ২টার আগেই কর্মকর্তাদের চলে যেতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন এবং দপ্তরগুলোর ওপর নিয়মিত নজরদারি নিশ্চিত করা না হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না। জনসাধারণের ভোগান্তি দূর করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, কিছু কর্মচারী উপস্থিত থাকলেও দপ্তর প্রধান নির্ধারিত সময়ে অফিসে ছিলেন না। পরে সকাল ১০টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরে এসে অফিসে প্রবেশ করেন। এ ঘটনার ভিডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সংরক্ষিত রয়েছে। একইভাবে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে আবার অফিস ত্যাগ করতে দেখা যায়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই দেরিতে অফিসে এসেছি। এতে আপনাদের সমস্যা কী?” তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণ পর তিনি আবার দপ্তরে ফিরে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “তার মেয়ে অসুস্থ থাকার কারণে হয়তো নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করেছেন। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।”

অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসে কয়েকজন কর্মচারীকে উপস্থিত পাওয়া গেলেও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলামকে নির্ধারিত সময়ে অফিসে পাওয়া যায়নি।

এছাড়া উপজেলা বিআরডিবি ও দারিদ্র্য বিমোচন অফিসে নির্ধারিত সময়ের পরও কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। একইভাবে উপজেলা ইসলামী ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা সরকারি নির্ধারিত সময় পার হওয়ার পর দপ্তরে পৌঁছাতে বিলম্ব করেছেন বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমাজসেবা অফিস এবং উপজেলা নির্বাচন অফিসসহ আরও কয়েকটি দপ্তরের প্রধানদের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত অফিস সময় মেনে চলা বাধ্যতামূলক। কোথাও অনিয়ম হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us