মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১ মার্চ বুধবার দুপুরে উপজেলার চান্দহর ও সিরাজপুর বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।


অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা হলেও চান্দহর বাজারের তরিকুল স্টোর ১৫০ টাকা দরে ডিজেল বিক্রি করছিল। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে সিরাজপুর বাজারের মাহমুদ এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে একই আইনের ৫১ ধারায় চান্দহর বাজারের শহীদ মেডিসিন কর্নারকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বেশি নিয়ে জ্বালানি বিক্রি করা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available