নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এ অভিযান করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের অভিযান চালিয়ে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামের দুই প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য আদায়ের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার অভিযোগ আসে। মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক-ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
তিনি বলেন, “জনস্বার্থ রক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available