রাজশাহী ব্যুরো: জ্বালানি তেলের সংকটে নদীপথে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে রাজশাহী বিভাগের দুই জেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী, দেবীনগর, ইসলামপুর ও শাহজাহানপুর ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয়রা জানান, পদ্মা ও মহানন্দা নদী এই অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছে। দৈনন্দিন প্রয়োজন মেটাতে এসব এলাকার মানুষের একমাত্র ভরসা নৌপথে পারাপার। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে নৌকা চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে শহর ও বাজারে যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।


বিশেষ করে রেলবাজার, হাটপাড়া, সুলতানগঞ্জ ও ফুলতলা ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করতেন। বর্তমানে তেলের অভাবে নৌযান চলাচল সীমিত হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল সরবরাহে কড়াকড়ি ও রেশনিংয়ের কারণে মাঝিরা প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারছেন না। আগে প্রতিদিন কয়েকশ নৌকা চলাচল করলেও এখন হাতে গোনা কয়েকটি নৌকা চলছে। একটি নৌকা একবার চলাচলে ৩ থেকে ৪ লিটার ডিজেল প্রয়োজন হয়, যা সংগ্রহ করতেই দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
ঘাটের মাঝিরা বলেন, যাত্রী থাকলেও তেলের অভাবে তারা নৌকা ছাড়তে পারছেন না। নৌপথই তাদের একমাত্র আয়ের উৎস। ফলে আয় বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং বিকল্প পথে দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হচ্ছেন, যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
তেলের সংকটে অধিকাংশ নৌযান বন্ধ থাকায় পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা নদীর ওপর নির্ভরশীল। কিন্তু তেল না থাকায় সেই যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে অনেক পরিবারের নিত্যদিনের খরচ চালানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে। নৌকার ডিজেল সংকটের কারণে মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, নৌকার মাঝিরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে কাজ করছে। পাশাপাশি কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available