• ঢাকা
  • |
  • রবিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ভোর ০৪:৫০:৩০ (24-May-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৩ মে ২০২৬ সকাল ০৮:৫৫:১৭

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: ​জামালপুরের মাদারগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

২২ মে শুক্রবার দুপুরে উপজেলার ঝাড়কাটা নদী এবং একটি ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো— মহিষবাথান এলাকার লিজা আক্তার এবং গোদাশিমুলিয়া এলাকার তিন বছরের শিশু ইয়াসিন।

​জামালপুরের মাদারগঞ্জের মহিষবাথান এলাকায় বাবার সাথে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার।

স্থানীয়রা জানায়, ​মাদারগঞ্জের মহিষবাথান এলাকায় শুক্রবার দুপুরে বাবা রবিউল ইসলাম তার ১২ বছরের ছেলে ও ১০ বছরের মেয়ে লিজাকে নিয়ে বাড়ির পাশে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে লিজা নদীর স্রোতে নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার হয় লিজার মরদেহ।

একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ঘটেছে আরেক মর্মন্তুদ ঘটনা। বাড়ির আঙিনায় দাদীর সামনে খেলছিল তিন বছরের শিশু ইয়াসিন। দাদী ঘরের বারান্দায় কাজে ব্যস্ত থাকার ফাঁকে, খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তেঘরিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।​

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে দুই শিশুর পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ফুটফুটে দুই শিশুর এ করুণ মৃত্যুতে গোটা মাদারগঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us