আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে এসব সামগ্রী পরিবহনের অভিযোগে এই পদক্ষেপ নেয় দেশটির কর্তৃপক্ষ।
গত ২৪ মার্চ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়। এর আগের দিন যুক্তরাজ্য থেকে এগুলো রওয়ানা হয়েছিল বলে জানা গেছে।


এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল একাধিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠন, যার মধ্যে রয়েছে ডিক্লাসিফাইড, দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট। তাদের তথ্যের ভিত্তিতে বেলজিয়াম কর্তৃপক্ষ অভিযান চালায়।

পরীক্ষায় দেখা যায়, জব্দ করা মালামালের মধ্যে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের যন্ত্রাংশ রয়েছে। অভিযোগ উঠেছে, এসব পণ্য সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তা সামরিক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
তদন্তে আরও জানা গেছে, এসব চালান যুক্তরাজ্যের একটি সাধারণ রপ্তানি লাইসেন্সের আওতায় পাঠানো হচ্ছিল এবং সামরিক সরঞ্জাম হিসেবে আলাদা করে ঘোষণা করা হয়নি। বেলজিয়ামের কর্তৃপক্ষ ইতোমধ্যে এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে অবস্থিত একটি কারখানা থেকে এসব যন্ত্রাংশ সরবরাহ করা হয়, যা মার্কিন অ্যারোস্পেস কোম্পানি মুগ-এর সঙ্গে সংশ্লিষ্ট।
ওয়্যালুন আঞ্চলিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের সামগ্রী পরিবহনের জন্য আলাদা ট্রানজিট লাইসেন্স প্রয়োজন ছিল, যা নেওয়া হয়নি। এমনকি আবেদন করা হলেও তা অনুমোদন পাওয়ার সম্ভাবনা ছিল না বলেও তারা উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জামের কিছু রপ্তানি লাইসেন্স ইতোমধ্যে স্থগিত করা হয়েছে, তবে কিছু বিশেষ প্রকল্পে সীমিত ছাড় রয়েছে।
বেলজিয়াম কর্তৃপক্ষ বলছে, ট্রানজিট লাইসেন্স ছাড়াই এসব সামগ্রী পরিবহন করা হয়েছে, যা আইন লঙ্ঘনের শামিল।
সূত্র: মিডল ইস্ট আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available