আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানো এবং মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদগামী হওয়ার প্রেক্ষাপটে শান্তি আলোচনার সম্ভাবনা জোরালো হয়েছে।
এমন পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এমন একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।


টেলিফোনে রয়টার্সকে ট্রাম্প বলেন, ‘ইরান একটি প্রস্তাব দিচ্ছে। এখন দেখতে হবে সেটি কেমন হয়।’ তবে প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প বরাবরই বলে আসছেন, যেকোনো সমঝোতার ক্ষেত্রে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি ত্যাগ করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাও ওয়াশিংটনের অন্যতম প্রধান শর্ত।
তার ভাষ্য, এসব বিষয়ে অগ্রগতি হলে আলোচনায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হতে পারে।
এর আগে ২৩ এপ্রিল বৃহস্পতিবার ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সময় মার্কিন কর্মকর্তারা দাবি করেন, ইরানের নেতৃত্বে অভ্যন্তরীণ বিভক্তি রয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তাদের সঙ্গেই ওয়াশিংটন আলোচনা করছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য নতুন প্রস্তাবকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available