আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত অবসানে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। পাকিস্তানি সূত্রটি জানায়, যুদ্ধ অবসানে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উভয় পক্ষ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে শুরু করা অভিযান স্থগিত করেছেন। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস মনে করছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তির পথে অগ্রগতি হয়েছে।

শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রটি জানায়, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা সমঝোতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’
সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধও প্রত্যাহার করা হতে পারে।
এদিকে, আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও বাস্তবসম্মত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। বেইজিংয়ে ওয়াং ই এর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় অটল থাকবে।
তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সাময়িক স্থগিত রাখার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available